ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চলনবিল ধ্বংস করে বিশ্ববিদ্যালয় নয় : বাপা

চলন বিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিবেশগত ঝুঁকির কথা তুলে ধরে বিকল্প স্থানে ক্যাম্পাস নির্মাণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। তারা বলছে, চলনবিলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ নষ্ট হবে। জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব পড়বে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। সেখানে তারা চলন বিলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ না করার দাবি জানান।


সংবাদ সম্মেলনে বাপার যুগ্ম সম্পাদক ও ‘চলন বিল রক্ষা আন্দোলন’ এর সদস্য সচিব এস এম মিজানুর রহমান মূল বক্তব্যে বলেন, “চলন বিলের একদিকে পদ্মা, অন্যদিকে যমুনা। বর্ষাকালে এ দুই নদীর কূল উপচানো পানি এ বিলে সঞ্চিত হয়। ফলে বন্যার প্রকোপ হ্রাস পায়। শীতকালে বিলের পানি নদীতে গড়ায় এবং প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে। তীরবর্তী পদ্মা ও যমুনা ছাড়া এ বিলের অভ্যন্তরে রয়েছে আত্রাই, বড়াল, নন্দকুজা, গুমানীসহ ৪৭টি নদী, ১৬৩টি বিল, ৩০০টির বেশি খাল, এক লাখ ২০ হাজার পুকুর এবং কয়েকটি বড় বড় পাথার।


“প্রায় ১০৫ প্রজাতির দেশি মাছ, ৩৪ প্রজাতির সরীসৃপ, ২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, সাত প্রকারের উভচর প্রাণী, ৩৪ প্রজাতির পাখি, অসংখ্য প্রকারের জলজ ও স্থলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীর উপস্থিতিসহ জীববৈচিত্র্যময় এই চলন বিল শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, সারা দেশেরই অমূল্য সম্পদ।”


তিনি বলেন, “প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চলন বিলের ওপর প্রায় এক কোটির বেশি মানুষ নির্ভর করে। সুতরাং এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে পুরো জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব পড়বে।”


সংবাদে সম্মেলনে ‘নাগরিক উদ্যোগ’ এর নির্বাহী প্রধান জাকির হোসেন বলেন, “বিদেশি প্রতিষ্ঠানের নামে দেশে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু দেশের বিখ্যাত মনীষীদের নামে বিশ্ববিদ্যালয় তুলনামূলক কম। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা আমাদের প্রাণের দাবি; বরং এটি আরও আগেই হওয়া উচিত ছিল। কিন্তু কোনোভাবেই দেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট করে নয়।


“পরিবেশ উপদেষ্টা একজন আজীবন পরিবেশ কর্মী, তাই আমরা বিশ্বাস করতে চাই তিনি চলন বিলকে ধ্বংস করে নয় বরং বিকল্প স্থানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেশের পরিবেশ রক্ষায় তার অঙ্গীকার পালন করবেন।”

ads
ads
ads

Our Facebook Page

↑